প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
Apr 15, 2026

প্রেস বিজ্ঞপ্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায়

ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ এপ্রিল ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) এর জাবি শাখার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে উপাচার্য এ সংগঠনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, মানুষের  দৈহিক সক্ষমতা তাকে কেবল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু চিন্তার জ্ঞান ও  নৈতিকতার উচ্চস্তরে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আত্মার শক্তি। তিনি বলেন, আমাদের তথাকথিত শারীরিক সক্ষমতা অনেক সময় চিন্তায় বিচ্যুতি ঘটায়, কিন্তু যারা শারীরিকভাবে বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন, তাঁদের চিন্তা ও উপলব্ধির জায়গা অনেক ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি অগ্রসর। উপাচার্য বলেন, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হওয়ার ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই বাধা হতে পারে না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বাধামুক্ত ফুটপাথ ও প্রতিবন্ধীবান্ধব রাস্তা সংস্কারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 

অনুষ্ঠানে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসানসহ জাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ, ডিআইএস এর সভাপতি এস.এম ফেরদৌস আলম, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর নেতৃবৃন্দ ও নবগঠিত ডিআইএস জাবি শাখার নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর সহযোগিতায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) এ অনুষ্ঠানে ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন পাঠের কোর্স চালুকরণ, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, স্মার্টফোন, সাদা ছড়িসহ স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন উপহার বিতরণ করে।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases