বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
May 14, 2026
May 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি
বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১-তম ব্যাচের একজন ছাত্রীকে গত ১২ মে ২০২৬ তারিখ মঙ্গলবার রাতে জনৈক দুষ্কৃতিকারী কর্তৃক টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এ ঘটনায় জড়িত অপরাধীকে রাষ্ট্রীয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীবৃন্দ এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দের সঙ্গে পর্যায়ক্রমে অনুষ্ঠিত তিনটি সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ অঙ্গীকার ব্যক্ত করেন। গত মঙ্গলবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলতুন্নেছা হলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক ঘটনা ঘটে।পথিমধ্যে আক্রান্ত ছাত্রীর অসীম সাহসিক প্রতিরোধ এবং চিৎকারে আশে-পাশের শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুষ্কৃতিকারী পালিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠিত প্রথম সভায় সংকটের টেকসই সমাধানে জাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ৭ দফা দাবি পেশ করেন। দ্বিতীয় সভায় অংশগ্রহণকারী সাধারণ নারী শিক্ষার্থীবৃন্দ ৬ দফা দাবি পেশ করেন এবং তৃতীয় সভায় উপস্থিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দ নারী শিক্ষার্থীবৃন্দের দাবির সাথে সহমত পোষণ করেন।
অনুষ্ঠিত সভাগুলোতে ঘটনায় চিহ্নিত দুস্কৃতিকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং এই ধরনের ঘটনারোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিকট যেসব দাবি পেশ করা হয়, তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়— বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাস্তবায়ন সম্ভব এমন দাবিসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে এবং যেসব দাবি বাস্তবায়ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এখতিয়ার, সেসব দাবিগুলো রাষ্ট্রীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জানিয়ে অবিলম্বে এতদবিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও অনুরোধ করা হবে। উপাচার্য সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং এতে কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান। উপাচার্য উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপাচার্য জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীবৃন্দ, জাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতায় দুষ্কৃতিকারীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং দেশের প্রচলিত আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ, র্যাব এবং সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং অপরাধীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে| উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বক্ষণিক পুলিশের উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে। উপাচার্য আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধী গ্রেফতার হবে। সভায় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত পুলিশের ৫টি চেকপোষ্ট স্থাপন করা হবে এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠিত সভাগুলোতে উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত যে সকল শিক্ষার্থী, সংবাদ প্রতিনিধি ও জাকসু নেতৃবৃন্দ আক্রান্ত নারী শিক্ষার্থীকে রক্ষা করার কাজে সহায়তা করেছেন, পাশে দাঁড়িয়েছেন এবং পরবর্তীতে আক্রমণকারী দুষ্কৃতিকারী ঘৃণ্য অপরাধীকে চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখাকে সহযোগিতা করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন