Jun 02, 2026
জরুরি প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ॥ নারী শিক্ষার্থী ধর্ষণ ও হত্যাচেষ্টায় অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ॥ অপরাধীকে দ্রুত গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে গত ১২ মে ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী একজন বহিরাগত কর্তৃক ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার ঘটনা অবহিত করেন এবং অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা উপাচার্যের সঙ্গে ছিলেন। সাক্ষাৎকালে জাকসুর ভিপি অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাক্ষাৎ শেষে উপাচার্য বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁর এবং জাকসুর নেতৃবৃন্দের কথা শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে অপরাধীকে দ্রুত খুঁজে বের করে গ্রেফতারের জন্য পুলিশের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশনা দেন।
ক্যাম্পাসে নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিতকরণ
সাক্ষাৎকালে উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নানা ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা অবহিত করেন। উপাচার্য ক্যাম্পাসের তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কুইক রেসপন্স টিম গঠন, অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর চালুকরণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও তাদের পরিচয়পত্র প্রদর্শন ও লগবুক রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুকরণ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা এবং তাদের তথ্য প্রকল্প পরিচালকের মাধ্যমে নিরাপত্তা শাখায় জমাদান, দোকান কর্মচারীদের মালিক প্রদত্ত আইডি ও জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া, ক্যাম্পাস থেকে সব ধরনের ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা, দোকান কর্মচারীদের তথ্য ডাটাবেইজ তৈরি করে আইসিটি সেলের মাধ্যমে সংরক্ষণ করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেইটে দিন-রাতের শিফটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করা, বাড়তি নিরাপত্তা প্রহরী নিয়োগের প্রক্রিয়া শুরু করা, অসমাপ্ত সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন করণ এবং ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার বিষয়াদি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধের বিষয়াদি তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী সেসব অপরাধের তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত