আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম
Oct 04, 2026

প্রেস বিজ্ঞপ্তি

আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি 

-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৪ অক্টোবর ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগে Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। ভুগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ অগ্রিকালচারাল এক্সটেনশন-এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সরকারের কৃষি মন্ত্রণালয়ের ৩৬ জন বিসিএস কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে টপ-ডাউন এপ্রোচ কাঠামোর পরিবর্তে মাঠ পর্যায়ের বাস্তব প্রয়োজনাভিত্তিক বটম-আপ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। আমাদের দেশের উপকূলীয় অঞ্চল, উত্তরবঙ্গ এবং মধ্যঞ্চলের মাটি, পানি ও জলবায়ুর স্পষ্ট ভিন্নতা রয়েছে; তাই সব অঞ্চলে একই মডেল প্রয়োগ না করে অঞ্চলভিত্তিক কৃষি ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ জিআইএস শিখন ও প্রশিক্ষণে দেশের মধ্যে পথিকৃত। উপাচার্য বলেন, এ প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান অংশগ্রহণকারী কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিবেন। এরফলে জমির মানচিত্রায়ন, কৃষক মাটির গুনাগুন, আবহাওয়া এবং পরিবেশ বিবেচনায় নিয়ে যুৎসই শস্য উৎপাদনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

 

ভুগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, প্রশিক্ষণ কর্মশালার প্রকল্প পরিচালক কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা খন্দকার মো. ইফতিখার রাশেদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. উবায়দুর রহমান সিদ্দিকী।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases