Apr 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি
বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
নতুন বছরের আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা -জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুরুত্থান’ প্রতিপাদ্য ধারণ করে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা ও পহেলা ˆবশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সোয়া আটটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য তাঁর বাসভবনে আগত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। বাসভবনে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানসহ বাংলা নববর্ষের গান বাজানো হয় এবং আগত অতিথিদের মধ্যে জিলাপী, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি, খৈ ইত্যাদি বাঙালি খাবার পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর উপাচার্য সকাল পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ও মানবিকী অনুষদ চত্বরে মৃৎ মঞ্চে বর্ষবরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১লা বৈশাখের কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখান থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত এবং এ বছর নববর্ষের আয়োজনে বৈচিত্র্য বিগত যে কোনো সময়ের চেয়ে অনন্য। আমাদের লক্ষ্য কেবল মেধাবীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং নৈতিকভাবে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, গতকাল চৈত্র সংক্রান্তিতে আমরা বিগত বছরের দুঃখ-কষ্ট পেছনে ফেলে ভালোকে ধারণ করে অগ্রসর হতে চাই। ‘ভালো’ হোক আমাদের প্রেরণার উৎস। উপাচার্য নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে আমাদের অঙ্গীকার করি, আমরা যেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি।
বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু’র ভিপি ও অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপাচার্য টিএসসি চত্বরে মেলা উদ্বোধন করেন। উপাচার্য বাংলা বিভাগ, দর্শন বিভাগ, ইংরেজি বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন এবং আগত সকলের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
দিবসটি উপলক্ষে উপাচার্য জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতু’র আয়োজনে মধ্যাহ্ন ভোজে যোগ দেন। তিনি, বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব আয়োজিত মধ্যাহ্ন ভোজেও অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদানকেন্দ্র, জাকসু’র সমন্বয়ে বিকালে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক টেনে-হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনা পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষ্কৃতিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ গ্রহণ
- জাবি জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
- বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গভীর উদ্বেগ ॥ দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য